— বিজ্ঞাপন —

ইরান যুদ্ধের কারণে জানুয়ারি থেকে ব্রিটেনে জ্বালানি বিল ২৬ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা

ইরান যুদ্ধের ফলে গ্যাসে মূল্যবৃদ্ধির মুখে জানুয়ারি থেকে ব্রিটেনের লাখ লাখ পরিবারের জ্বালানি বিল ২৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা অফগেম।
ইরান যুদ্ধের কারণে জানুয়ারি থেকে ব্রিটেনে জ্বালানি বিল ২৬ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৫ নভেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ন

ইরান যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় আগামী জানুয়ারি মাস থেকে ব্রিটেনের লাখ লাখ পরিবারের জ্বালানি বিল ২৬ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। দেশটির বিদ্যুৎ ও গ্যাস খাতের নিয়ন্ত্রক সংস্থা অফগেম (Ofgem) জানিয়েছে, বছরের সবচেয়ে ঠান্ডা তিন মাসে একটি সাধারণ পরিবারের মাসিক বিল প্রায় ৩৭ পাউন্ড পর্যন্ত বাড়তে পারে। তবে শীতকালে কার কতটুকু জ্বালানি খরচ হচ্ছে, তার ওপর ভিত্তি করে ব্যক্তিভেদে এই ব্যয় পরিবর্তিত হবে।

ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে যেসব পরিবার গড় পরিমাণে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহার করে এবং ডাইরেক্ট ডেবিটের মাধ্যমে বিল পরিশোধ করে, তাদের বার্ষিক বিল ১,৭২৩ পাউন্ড থেকে বেড়ে ২,১৬৬ পাউন্ডে গিয়ে ঠেকবে, যদি এই বর্ধিত মূল্য পুরো বছরজুড়ে বহাল থাকে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটিই জ্বালানির মূল্যে সবচেয়ে বড় বৃদ্ধির ঘটনা।

— বিজ্ঞাপন —

অফগেম জানিয়েছে, তিন মাস পর পর নির্ধারিত এই প্রাইস ক্যাপ বা মূল্যসীমা বৃদ্ধির প্রধান কারণ মধ্যপ্রাচ্যের সসংঘাত ও ইরান যুদ্ধের ফলে সরবরাহকারীদের পাইকারি খরচ বেড়ে যাওয়া। অফগেমের ডিরেক্টর জেনারেল ফর মার্কেটস নিল কেনওয়ার্ড বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানি খরচ বাড়িয়ে দিচ্ছে এবং শীতের মুখে এই মূল্যবৃদ্ধি অনেক পরিবারের জন্যই উদ্বেগের কারণ হবে। তিনি জানান, নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সরবরাহকারীদের তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা আর্থিক সংকটে থাকা গ্রাহকদের আগাম সহায়তা দেয় এবং সহজ ও সাশ্রয়ী কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ তৈরি করে।

শীতকালীন ব্যয় সামলাতে ৪ জানুয়ারি থেকে সরকার লাখ লাখ পরিবারকে ১০০ পাউন্ড করে এককালীন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইংল্যান্ডের এ থেকে ডি কাউন্সিল ট্যাক্স ব্যান্ডের আওতাধীন পরিবারগুলো এই সুবিধা পাবে এবং স্কটল্যান্ড ও ওয়েলসেও সমপরিমাণ অর্থ প্রদান করা হবে। এ ছাড়া বিদ্যুতের ওপর বিদ্যমান ভ্যাট ছাটের পাশাপাশি প্রায় ৬০ লাখ সুবিধাভোগী পরিবার ‘ওয়ার্ম হোম ডিসকাউন্ট’-এর মাধ্যমে ১৫০ পাউন্ড ছাড় পাবে।

তবে চ্যারিটি ও সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলেছে যে এই সরকারি সহায়তা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়। তাদের মতে, জ্বালানি বিলের কারণে গ্রাহকদের ঋণের পরিমাণ বাড়বে এবং অনেকেই জরুরি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়বেন। সিটিজেন্স অ্যাডভাইস-এর প্রধান নির্বাহী ডেম ক্লেয়ার মোরিয়ার্টি বলেছেন, যুক্তরাজ্য একটি কঠিন শীতের মুখোমুখি হতে যাচ্ছে।

যুক্তরাজ্যের শক্তি সচিব মিয়াত্তা ফাহনবুলহে পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বলেছেন, দীর্ঘ দিন ধরে ব্রিটিশ পরিবারগুলোকে বিদেশের সংঘাত ও অস্থির জীবাশ্ম জ্বালানি বাজারের খেসারত দিতে হচ্ছে। অন্যদিকে শ্যাডো এনার্জি সেক্রেটারি অ্যান্ড্রু বোউই সরকারের সমালোচনা করে বলেছেন, বিল যখন আকাশচুম্বী, তখন সাধারণ মানুষের ওপর আরও কর ও গ্রিন লেভি চাপানো হচ্ছে।

জ্বালানি সরবরাহকারীদের সংগঠন এনার্জি ইউকে জানিয়েছে, অস্থির জীবাশ্ম জ্বালানি বাজারের ওপর নির্ভরতা কমাতে যুক্তরাজ্যের নিজস্ব ক্লিন পাওয়ার বা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং বাড়িঘর ও পরিবহন ব্যবস্থার বিদ্যুতায়ন ত্বরান্বিত করা প্রয়োজন।

সূত্র: BBC News – Top Stories
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗