আন্তর্জাতিক ডেস্ক: ৭ নভেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
ইসরায়েলে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার অবসান হতে চলেছে। দেশটির নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যার স্পষ্ট সমর্থন পেয়েছেন বিরোধী রাজনৈতিক দল ‘ইয়েশার’ এর প্রধান ও সাবেক সেনাপ্রধান গ্যাডি আইজেনকোট।
নতুন সরকার গঠনের লক্ষ্যে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ দেশটির রাজনৈতিক দল ও পার্লামেন্টের বিভিন্ন উপদলের সঙ্গে তার চূড়ান্ত ধাপের আলোচনা শুরু করেছেন। প্রেসিডেন্ট ভবন সূত্র ও ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
প্রেসিডেন্ট আইজাক হারজোগ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর চলমান পরিস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পার্লামেন্টের ৬৭ জন সদস্যের প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক উপদল গ্যাডি আইজেনকোটকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে।
অন্যদিকে বর্তমানে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে প্রস্তাব দিয়েছেন মাত্র ৪৬ জন আইনপ্রণেতা। ফলে রাজনৈতিক সমীকরণে নেতানিয়াহু পিছিয়ে পড়েছেন।
প্রেসিডেন্ট হারজোগ জানিয়েছেন, সরকার গঠনের আনুষ্ঠানিক ম্যান্ডেট দেওয়ার আগে পরিস্থিতি সম্পূর্ণ স্পষ্ট করতে তিনি রোববার দলীয় নেতাদের সঙ্গে শেষ ধাপের বৈঠকে বসবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্টে ৬৭ সদস্যের সমর্থন পাওয়ায় গ্যাডি আইজেনকোটের জন্য সরকার গঠন অনেক সহজ হয়ে গেছে। একই সঙ্গে নেতানিয়াহুর দীর্ঘ শাসনের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।