জুম্মার নামাজ চলাকালে পাইকগাছায় ৫.৩ মাত্রার ভূমিকম্প ভবনে ফাটল

লেখক: জিহাদুল ইসলাম
প্রকাশ: ২ মাস আগে
উপকূলে শক্তিশালী ভূমিকম্প, পাইকগাছায় স্থাপনায় ফাটল

স্টাফ রিপোর্টার, ঢাকা : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী পাইকগাছায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জুম্মার নামাজ চলাকালে হঠাৎ কম্পনের কারণে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এসময় ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে নিরাপদ স্থানে বেরিয়ে আসে লোকজন।

রিখটার স্কেলের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তি পাইকগাছার পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায়। প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পাইকগাছা পৌর বাজারের বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা দিয়েছে। যশোর লিবার্টি গ্যালারী, রত্না সু-স্টোর, স্বর্ণপট্টী সংলগ্ন সাবেক সরদার ডিপো ও সরদার মিজানের বিল্ডিংসহ একাধিক ভবনে ফাটলের কারণে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্মরণকালের মধ্যে এটিই অন্যতম তীব্র ভূমিকম্প। সাধারণত ভূমিকম্পের উৎপত্তি দেশের উত্তর ও মধ্যাঞ্চল বা সিলেট-ঢাকা অঞ্চলে হলেও এবার উপকূলীয় এলাকায় হওয়ায় উদ্বেগ বাড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি উপকূলীয় এলাকার জন্য একটি সতর্কবার্তা। ভবন নির্মাণে সঠিক বিধিমালা অনুসরণ এবং দুর্যোগ প্রস্তুতি জোরদার করা এখন সময়ের দাবি।