কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে সাগরে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে শান্ত (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের বিচকর্মীরা।
নিহত শান্ত ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে তার পরিবারের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি।
জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার বেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে একটি মাদ্রাসার ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী ইনানী সৈকতে গোসলে নামে। এ সময় সাগরের প্রবল ঢেউয়ের তোড়ে তারা ভেসে যেতে থাকে। পরে সৈকতে দায়িত্বপ্রাপ্ত কর্মী ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে ১৫ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও শান্ত নিখোঁজ হয়।
ঘটনার পর পর বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা সাগরে উদ্ধার অভিযান ও তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় তল্লাশির পর বেলা সাড়ে ১২টার দিকে সাগরে ভাসমান অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করা হয়।
ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৪ অক্টোবর হিমছড়ির পেঁচার দ্বীপ সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পাঁচজন পর্যটক নিখোঁজ হন। ওই দিন বিকেলে তিনজনের এবং পরদিন বৃহস্পতিবার সকালে ও রাতে আরও দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও বিচকর্মীরা। নিহতদের মধ্যে তিনজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।