ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রঙের মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি মিনি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কসবা উপজেলার আতকাপাড়া এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে মো. গোলাম কিবরিয়া ওরফে রবিন এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর এলাকার মো. শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম ওরফে সিজান।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা গাঁজা ও জব্দ করা কাভার্ডভ্যান বিধি অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক পাচার ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।