আন্তর্জাতিক ডেস্ক: ৯ নভেম্বর ২০২৬, ৪:৫০ পূর্বাহ্ন
পোল্যান্ডের ক্রাকফ শহরের ঐতিহাসিক প্রধান মার্কেট স্কয়ারের কাছে শনিবার এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে ছয়জনকে হত্যা ও ১৫ জনকে আহত করে। সেই ভয়াবহ ঘটনার পর দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া এক চিকিৎসক বিবিসি-র কাছে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই প্রাথমিক চিকিৎসা শুরু করেছিলেন দুই সার্জন। তাদের মধ্যে অন্যতম হলেন অধ্যাপক মিখাল পেনজিভিআত্র।
অধ্যাপক পেনজিভিআত্র জানান, শনিবার ক্রাকফের প্রধান মার্কেট স্কয়ারের কাছে তারা দুজন রাতে খাবার খাচ্ছিলেন। ঠিক সেই সময় আচমকা এক বন্দুকধারী সেখানে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে তারা দুজন অবিলম্বে ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজ শুরু করেন।
জরুরি সেবা বা অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এই দুই চিকিৎসক রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত মানুষদের সাহায্য করতে শুরু করেন। তাদের পেশাগত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্তের কারণে অনেকেই প্রাথমিক চিকিৎসা পান।
চিকিৎসকরা কেবল সাধারণ হতাহতদেরই চিকিৎসা দেননি, বরং হামলাকারী এবং তাকে কাবু করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়া দুই পুলিশ কর্মকর্তার চিকিৎসায়ও তারা দ্রুত হাত বাড়ান।
গণগুলিবর্ষণের ফলে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান এবং অন্তত ১৫ জন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করার সময় দুই পুলিশ কর্মকর্তাও আহত হন।
হঠাৎ ঘটে যাওয়া এই সহিংস ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন সংকটময় মুহূর্তে ওই দুই সার্জনের মানবিক ও দ্রুত পদক্ষেপ স্থানীয়দের প্রশংস কুড়িয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।