
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির প্রতিনিধি মো. মোতালেব শিকদারকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা প্রকাশ্যে মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিটি তার মাথায় বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে এবং পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এনসিপির খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ গণমাধ্যমকে জানান, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগামী কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সেই সমাবেশের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে তিনি সক্রিয়ভাবে কাজ করছিলেন।
এই হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। দলের নেতাকর্মীরা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
