সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল, সময় বাড়ল ১২৩তমবার

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পেছাল, সময় বাড়ল ১২৩তমবার

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ সোমবার (৫ জানুয়ারি) আদালতে জমা পড়েনি। ফলে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে মোট ১২৩ বার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছানো হলো।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ আগামী ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। এই হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ঘটনার এক যুগ পর মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। গত বছরের ৪ নভেম্বর মামলার আগের তদন্ত সংস্থা র‍্যাবের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র বুঝে নেয় পিবিআই। বর্তমানে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক। দায়িত্ব গ্রহণের পর তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, মামলার তদন্ত নতুন করে শুরু করা হয়েছে।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট মহলে হতাশা ও ক্ষোভ বাড়ছে।

  • সাগর-রুনি