গাইবান্ধায় ইঁদুরের উপদ্রব আর পচন রোগে নষ্ট হচ্ছে আমন ধান, দুশ্চিন্তায় কৃষকেরা

লেখক: শাহ্ পারভেজ সংগ্রাম
প্রকাশ: ৬ মাস আগে

গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় এবার আমন মৌসুমে দেখা দিয়েছে ভয়াবহ ইঁদুরের উপদ্রব ও পচন রোগের প্রাদুর্ভাব। ফলে মাঠের পর মাঠে ধানগাছ নষ্ট হয়ে যাচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন জেলার কৃষকেরা।

জেলার সদর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলা সহ বিভিন্ন গ্রামে কৃষকেরা জানান,ধানগাছ যখন শীষ ধরতে শুরু করেছে, ঠিক তখনই ইঁদুরের আক্রমণ বেড়ে গেছে। দিনে মাঠে কিছু না দেখা গেলেও রাতে ইঁদুর গাছ কেটে ফেলে দিচ্ছে, অনেক জায়গায় পুরো জমি জুড়ে ক্ষতি দেখা যাচ্ছে।

এদিকে, ইঁদুরের পাশাপাশি ধানগাছে ছত্রাকজনিত পচন রোগও ছড়িয়ে পড়েছে। অনেক কৃষক অভিযোগ করেছেন, সার ও কীটনাশক ব্যবহারের পরও রোগের প্রকোপ কমছে না। গাছের গোড়া থেকে পচন ধরে শীষ শুকিয়ে যাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অনবরত বৃষ্টিপাত, আবহাওয়ার পরিবর্তন ও জমিতে অতিরিক্ত আর্দ্রতার কারণে এ বছর ইঁদুর ও রোগের প্রাদুর্ভাব বেড়েছে। তাঁরা কৃষকদের নিয়মিত ফাঁদ ব্যবহার, গর্ত ধ্বংস এবং সঠিক সময়ে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন।

কৃষকদের দাবি, সময়মতো কার্যকর উদ্যোগ না নিলে আরও বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। ফসল নষ্ট হলে তাদের ঋণ শোধ করা ও সংসার চালানো কঠিন হয়ে পড়বে।