গাজীপুরে একই পরিবারের ৫ জন খুন, অভিযুক্ত গৃহকর্তা নিখোঁজ

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ ঘন্টা আগে
গাজীপুরে একই পরিবারের ৫ জন খুন, অভিযুক্ত গৃহকর্তা নিখোঁজ

গাজীপুরের কাপাসিয়ায় এক হৃদয়বিদারক ও নৃশংস হত্যাকাণ্ডে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন তিন শিশু, এক নারী ও এক যুবক। শনিবার (৯ মে) ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান। তিনি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গৃহকর্তা ফোরকান মিয়াই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি নিজের তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বাড়ির ভেতর রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় বাড়ির চারপাশে শত শত উৎসুক মানুষের ভিড় জমে যায়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পারিবারিক কলহ বা মানসিক অস্থিরতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পলাতক ফোরকান মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে একসঙ্গে পাঁচজনের মর্মান্তিক মৃত্যুতে রাউৎকোনা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের ভাষ্য, এমন ভয়াবহ ঘটনা আগে কখনও দেখেননি তারা।