গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, পিকআপে আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় গরু চুরির অভিযোগে তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা।
রোববার (১০ মে) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। এসময় চোর চক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র পিকআপ ভ্যান নিয়ে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরি করতে যায়। বিষয়টি টের পেয়ে গৃহকর্তা চিৎকার দিলে এলাকাবাসী ধাওয়া করে তিনজনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।
ঘটনাস্থল থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলাদেশ পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
