প্রযুক্তি ডেস্ক: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
বিশ্বজুড়ে গুগল ক্রোম ব্রাউজার অতিরিক্ত মেমোরি বা র্যাম ব্যবহারের জন্য আগে থেকেই পরিচিত। পরিস্থিতি সামাল দিতে ২০২২ সালে মেমোরি সেভার ফিচার যুক্ত করেছিল প্রতিষ্ঠানটি। তবে সম্প্রতি ব্রাউজারে বিল্ট-ইন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুবিধা যুক্ত হওয়ায় ডিভাইসের মেমোরি ব্যবহারের পরিমাণ আরও বেড়েছে।
সাম্প্রতিক এক তথ্যে দেখা গেছে, ক্রোম ব্রাউজার সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পরও এর জেমিনাই এআই ফিচার ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থেকে র্যাম খরচ করতে থাকে। ব্রাউজার বন্ধ থাকলেও উইন্ডোজ টাস্ক ম্যানেজারে বেশ কিছু ক্রোম প্রসেস চালু থাকতে দেখা যায়।
এক ব্যবহারকারীর পর্যবেক্ষণে উঠে এসেছে যে, ক্রোম বন্ধ করার পরও উইন্ডোজ টাস্ক ম্যানেজারে এর প্রসেসগুলো সক্রিয় থাকছে এবং তা ৩০০ মেগাবাইট থেকে ৭০০ মেগাবাইট পর্যন্ত র্যাম ব্যবহার করে চলেছে। সাধারণত ক্রোমের ব্যাকগ্রাউন্ড অ্যাপ চালু রাখার অপশন বন্ধ করলেও এই সমস্যা সমাধান হচ্ছে না।
সমস্যাটি সমাধানের জন্য সাধারণ যেসব নিয়ম চেষ্টা করা হয়েছে, তার কোনোটিই কাজে আসেনি। এক্সটেনশন নিষ্ক্রিয় করা, ওয়েব অ্যাপ সরিয়ে ফেলা, কুকিজ ও ক্যাশ মেমোরি পরিষ্কার করা কিংবা ক্রোম সেটিংস রিসেট করেও ফল পাওয়া যায়নি। এমনকি হার্ডওয়্যার এক্সিলারেটর ও অন-ডিভাইস এআই বন্ধ করার পরও ব্যাকগ্রাউন্ডের এই মেমোরি ব্যবহার থামানো যায়নি।
পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, নতুন একটি সাইন-ইন না করা বা আনসাইন্ড ক্রোম প্রোফাইল ব্যবহার করলে সেটি কোনো ব্যাকগ্রাউন্ড প্রসেস ছাড়াই স্বাভাবিকভাবে বন্ধ হচ্ছে। মূলত জেমিনাইয়ের একটি বিশেষ সেটিংসের কারণে ব্যবহারকারীর সাইন-ইন করা প্রোফাইলে এই জটিলতা তৈরি হচ্ছিল।
তথ্য অনুযায়ী, ক্রোমের ভেতরের জেমিনাই অপশনটি অ্যাসিস্ট্যান্টকে সবসময় প্রস্তুত রাখার চেষ্টা করে, এমনকি ব্রাউজার মিনিমাইজ বা বন্ধ থাকলেও। এই ফিচারটি ট্রে-তে চালু রাখতে ব্যাকগ্রাউন্ড প্রসেস প্রয়োজন হয়, যা প্রতিনিয়ত মেমোরি বা র্যাম দখল করে রাখে।
আপনার কম্পিউটারে এই মেমোরি খরচের সমস্যা বন্ধ করতে জেমিনাইয়ের নির্দিষ্ট সেটিংসটি নিষ্ক্রিয় করতে হবে। এজন্য ক্রোমের এড্রেস বারে chrome://settings/ai/gemini লিখে ঢুকতে হবে অথবা ক্রোম সেটিংস থেকে এআই ইনোভেশনস হয়ে জেমিনাই ইন ক্রোম অপশনে যেতে হবে।
সেখানে প্রাফারেন্সেস সেকশনের অধীনে “Show Gemini in Chrome in system tray and turn on keyboard shortcut” অপশনটি বন্ধ করে দিতে হবে। এটি বন্ধ করলেই সিস্টেম ট্রে-র ব্যাকগ্রাউন্ড ইন্টিগ্রেশন এবং অতিরিক্ত র্যাম খরচ হওয়া বন্ধ হবে।
গুগল সাপোর্ট অনুযায়ী, এই ফিচারটি চালু থাকলে দ্রুত কিবোর্ড শর্টকাট ব্যবহারের সুবিধার্থে এটি উইন্ডোজ সিস্টেম ট্রে-তে যুক্ত থাকে। তবে প্রযুক্তিভিত্তিক মাধ্যম নিওউইন জানিয়েছে, গুগল বর্তমানে তাদের সাপোর্ট পেজে এআই দিয়ে তৈরি সহায়তা বেশি দেখানোর ফলে ব্যবহারকারীদের সরাসরি জেমিনাই চ্যাটবটের দিকে পাঠাচ্ছে, যা আসল ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন করে তুলেছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।