গৌরবময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ৫০’র দ্বারপ্রান্তে
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব হলো পেশাদার সাংবাদিকদের একটি মিলনকেন্দ্র ও সংঘবিশেষ, যেখানে বুদ্ধিচর্চা, পেশাগত উন্নয়ন এবং সামাজিক যোগাযোগের প্রধান প্ল্যাটফর্ম তৈরি করে।
সারা দেশে বিভিন্ন প্রেসক্লাব থাকলেও সাহিত্য সাংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ইতিহাস ঐতিহ্য বহন করে আসছে। নানা প্রতিকূলতার মাঝেও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব বাংলাদেশের মধ্যে সুনামের সহিত পরিচালিত হচ্ছে।১৯৭৭সালে সাংবাদিকরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব গঠন করেন । ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পঞ্চাশ বছর পূর্ণতার দ্বারপ্রার্থে—শুধু একটি সংখ্যা নয়, এটি একটি দীর্ঘ পথচলার ইতিহাস।
সময়ের স্রোতে পাঁচ দশক পেরিয়ে আজ গৌরবের ৫০ বছর পেরোতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। এই দীর্ঘ সময়ে কত মানুষ এসেছেন, কত মানুষ চলে গেছেন; বদলেছে সমাজ, বদলেছে প্রযুক্তি, বদলেছে সংবাদ পরিবেশনের ধরন কিন্তু সত্য ও মানুষের কথা বলার প্রত্যয়টি রয়ে গেছে অটুট।
ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতার ইতিহাসে প্রেসক্লাব একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, দাবি-দাওয়া, অন্যায়-অবিচার এবং এলাকার উন্নয়ন-সম্ভাবনার কথা
তুলে ধরতে এখানকার সাংবাদিকরা বছরের পর বছর দায়িত্ব পালন করে এসেছেন। কখনো কলম হাতে, কখনো ক্যামেরা হাতে, কখনো মাইক্রোফোন হাতে তাঁরা ছুটেছেন মানুষের কাছে। এই পথচলা সবসময় সহজ ছিল না।
নানা প্রতিকূলতা, চাপ, সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও সাংবাদিকরা সত্য অনুসন্ধান করেছেন। সাধারণ মানুষের কণ্ঠকে পৌঁছে দিয়েছেন সমাজের বৃহত্তর পরিসরে। সংবাদ শুধু সংবাদ হয়ে থাকেনি—কখনো তা হয়েছে মানুষের অধিকার আদায়ের হাতিয়ার, কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা, আবার কখনো সম্ভাবনাময় ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের বার্তাবাহক।
পঞ্চাশ বছরের এই যাত্রায় যাঁরা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে সমৃদ্ধ করেছেন, তাঁদের প্রত্যেকের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার মতো। প্রয়াত সাংবাদিকদের প্রতি রইল গভীর শ্রদ্ধা এবং বর্তমান ও সাবেক সকল সাংবাদিকের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। তাঁদের শ্রম, মেধা, সাহস ও নিষ্ঠার ওপর দাঁড়িয়েই আজকের এই প্রতিষ্ঠান। আজকের এই সুবর্ণ মুহূর্তে আমাদের প্রত্যাশা—ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব আগামী দিনেও সত্য, ন্যায় ও মানুষের পক্ষে তার দায়িত্ব পালন করবে। নতুন প্রজন্মের সাংবাদিকরা প্রযুক্তির আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে আরও দক্ষ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা উপহার দেবেন।
পঞ্চাশ বছরের গৌরব পেরিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব এগিয়ে যাক আরও শত বছরের পথে। মানুষের আস্থা, সাংবাদিকতার মর্যাদা এবং সত্য প্রকাশের সাহস নিয়ে এই প্রতিষ্ঠান হয়ে উঠুক ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আরও আপন ঠিকানা। পঞ্চাশ বছরের গৌরবময় পথচলায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সত্যের পথে, মানুষের পাশে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব এগিয়ে যাক।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।