সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান; তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণে দৈনিক গ্যাস সরবরাহ কমতে পারে
আগামী চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। একই সঙ্গে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে দাবি করে বিভিন্ন সংবাদমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
পেট্রোবাংলা জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি—সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজ চলছে। এ কারণে আগামী চার দিন টার্মিনালটির মাধ্যমে এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তর করে সরবরাহের কার্যক্রম বন্ধ থাকবে।
এর প্রভাবে দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ, প্রতিদিন প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমার আশঙ্কা রয়েছে।
তবে পেট্রোবাংলা স্পষ্ট করেছে, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না। সরবরাহ কমে যাওয়ার কারণে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণের আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।