আন্তর্জাতিক ডেস্ক: ২২ নভেম্বর ২০২৬, ২:৫২ অপরাহ্ন
চেক প্রজাতন্ত্রে যৌনকর্ম থেকে প্রাপ্ত আয়ের ওপর পদ্ধতিগতভাবে কর আদায় করতে শুরু করেছে দেশটির সরকার। তবে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করছেন দেশটির মানবাধিকার কর্মী ও বিভিন্ন সংগঠন। তাদের বক্তব্য, যৌনকর্মীদের কাছ থেকে আয়কর সংগ্রহ করা হলেও তাদের কাজের কোনো আইনি স্বীকৃতি বা সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে না।
কমিউনিস্ট শাসন অবসানের তিন দশক এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের দুই দশক পার হলেও চেক প্রজাতন্ত্রের আইনে যৌন ব্যবসা এখনও এক অস্পষ্ট বা ধোঁয়াশাপূর্ণ স্থানে রয়ে গেছে। দেশটির সুপ্রিম কোর্টের চলতি বছরের আগস্টের এক রায়ে উল্লেখ করা হয়েছে, চেক আইনের কোনো ধারাতেই যৌনবৃত্তিকে নিষিদ্ধ করা হয়নি।
আদালতের এই মামলাটি শুরু হয়েছিল এক যৌনকর্মীর আবেদনের প্রেক্ষিতে, যিনি তার আয়ের ওপর রাজস্ব বোর্ডের দেওয়া করের নোটিশ বাতিল করার জন্য আদালতে গিয়েছিলেন। কিন্তু আদালত রায় দেন যে, কর কর্তৃপক্ষের নোটিশটি পুরোপুরি বৈধ এবং এতে চেক প্রজাতন্ত্রের আন্তর্জাতিক দায়বদ্ধতার কোনো লঙ্ঘন হয়নি।
এই রায়ের পর চেক প্রজাতন্ত্রের বিভিন্ন স্থানে রাজস্ব বিভাগ থেকে যৌনকর্মীদের কাছে বকেয়া কর মেটানোর জন্য নোটিশ পাঠানো শুরু হয়। বহু বছরের বকেয়া কর হিসেবে অনেকের কাছে কয়েক হাজার ইউরো পর্যন্ত দাবি করা হচ্ছে। এর আগে বিষয়টি আইনি ও বেআইনি ব্যবস্থার মাঝামাঝি হওয়ায় এই খাতে কোনো কর দিতে হতো না।
বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, চেক প্রজাতন্ত্রে আনুমানিক ১০ থেকে ১৫ হাজার নারী এবং কয়েকশত পুরুষ যৌন ব্যবসার সাথে যুক্ত। এই সংখ্যাটি দেশটির সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্কোডার মোট কর্মীবাহিনীর প্রায় অর্ধেক।
উন্নয়ন সংগঠন ‘রোজকোশ বেজ রিজিকা’ (ঝুঁকিহীন আনন্দ), যা ১৯৯২ সাল থেকে যৌনকর্মীদের স্বাস্থ্য ও আইনি সহযোগিতায় কাজ করে আসছে, তারা সরকারের এই নীতির বিরোধিতা করেছে। সংগঠনটির সমাজকর্মী কারোলিনা হাইস্কা জানিয়েছেন, সরকার কর আদায়ে সক্রিয় হলেও যৌনকর্মীদের নিরাপদ কাজের পরিবেশ, সহিংসতা প্রতিরোধ বা স্বাস্থ্য সুরক্ষায় কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
পাশের দেশ জার্মানিতে যৌনবৃত্তিকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ২০১৭ সালে আইন করে তাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। চেক প্রজাতন্ত্রেও অতীতে রাজনৈতিক দল ‘পাইরেট পার্টি’ যৌন ব্যবসাকে বৈধ করার উদ্যোগ নিয়েছিল, যাতে বছরে প্রায় ৪০ কোটি ইউরো রাজস্ব আদায় সম্ভব হতো। প্রাগের তৎকালীন মেয়র ও পাইরেট পার্টির নেতা জদেনেখ হ্রিব এই রূপান্তরের পক্ষে সোচ্চার ছিলেন। কিন্তু সেই আইন পাসের প্রচেষ্টা বর্তমানে আটকে গেছে।
বিশেষজ্ঞদের মতে, দেশটিতে যৌন ব্যবসার মাধ্যম বদলে যাচ্ছে। রাস্তার মোড়ে বা নাইটক্লাবে এই ব্যবসার প্রবণতা কমে এখন ব্যক্তিগত বাসা-বাড়ি এবং অনলাইনের মাধ্যমে সেবা দেওয়ার হার নাটকীয়ভাবে বেড়েছে। তবে কর আদায় জোরদার হলেও যৌনকর্মীদের জন্য প্রয়োজনীয় আইন ও সামাজিক সুরক্ষা এখনও অধরাই রয়ে গেছে।
সূত্র: DW Chinese

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।