ট্রেনের চাকায় ঝরে গেল একই পরিবারের ৫ প্রাণ, সাদুল্লাপুরে শোকের মাতম

ট্রেনের চাকায় ঝরে গেল একই পরিবারের ৫ প্রাণ, সাদুল্লাপুরে শোকের মাতম
ট্রেনের চাকায় ঝরে গেল একই পরিবারের ৫ প্রাণ, সাদুল্লাপুরে শোকের মাতম
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের সদস্যসহ পাঁচ গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শনিবার (২৮ মার্চ) সকালে মরদেহগুলো গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

নিহতদের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। তারা সবাই সম্পর্কে আত্মীয়স্বজন এবং জীবিকার তাগিদে ঢাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতে যাচ্ছিলেন। নিহতরা হলেন—সুলতান মাহমুদ (২৮), রিফা রেসা (২৪), নার্গিস আক্তার (৪২), তার ১২ বছর বয়সী ছেলে নিরব এবং দোলা বেগম (৪৫)।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তারা একটি যাত্রীবাহী বাসে করে ঢাকা যাচ্ছিলেন। পথে বাসটির জ্বালানি শেষ হয়ে গেলে যাত্রীরা নেমে মহাসড়কের পাশের রেললাইনে বসে অপেক্ষা করতে থাকেন। দীর্ঘ যাত্রার ক্লান্তি কাটাতে গল্পে মগ্ন থাকা অবস্থায় হঠাৎ দ্রুতগতির একটি ট্রেন এসে পড়ে তাদের ওপর। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাদাত হোসেন জানান, নিহতরা সবাই হতদরিদ্র পরিবারের সদস্য ছিলেন। পরিবারের জীবিকা নির্বাহের আশায় ঢাকায় পাড়ি জমাতে গিয়ে এমন করুণ পরিণতি কারও কল্পনাতেও ছিল না।

এদিকে মরদেহ গ্রামে পৌঁছানোর পর থেকেই চলছে শোকের মাতম। ইতোমধ্যে কবর খননের কাজ সম্পন্ন হয়েছে এবং বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। একই গ্রামের পাঁচজনের একসঙ্গে মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ