ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হলো বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের জাতীয় পর্ব
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের (বিডিইও) অষ্টম আসরের জাতীয় পর্ব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী আঞ্চলিক পর্ব পেরিয়ে আসা অর্থনীতিতে আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজন ছিল প্রাণবন্ত ও প্রতিযোগিতামুখর। ২০১৯ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের এটি অষ্টম আয়োজন। এবারের আসরের আগে সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে অনুষ্ঠিত আঞ্চলিক পর্ব থেকে নির্বাচিত প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে অংশ নেন।
সকালে নিবন্ধন ও আসন গ্রহণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর জাতীয় পর্যায়ের বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারীদের অর্থনৈতিক যুক্তি, তাত্ত্বিক জ্ঞান এবং সমস্যা সমাধানের দক্ষতা মূল্যায়ন করা হয়। তিনটি বিভাগ—জুনিয়র, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড—এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুপুরে জাতীয় সংগীতের মাধ্যমে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি মো. আল-আমিন পারভেজ এবং সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ড. সায়মা হক বিদিশাও অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
ডিজিটাল ব্যাংকিংয়ের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দেন পুবালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। ব্যাংকিং বিষয়ক বিশেষ সেশন পরিচালনা করেন ব্র্যাক ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন। এছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনানশিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান। অর্থনীতি বিষয়ক প্রশ্নোত্তর সেশন পরিচালনা করেন বিডিইও অ্যাম্বাসেডর মো. মনসুরুল হক।
অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রতিটি বিভাগের শীর্ষ তিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মিডিয়া ব্রিফিং ও গ্রুপ ফটো সেশনের মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (বিডিইও) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে অর্থনৈতিক জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বিকাশে কাজ করে যাচ্ছে। অভিজ্ঞ শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত নির্বাহী কমিটির তত্ত্বাবধানে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
