আন্তর্জাতিক ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ১:৫০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল এবং ভ্রমণ বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে তামার তারের আধুনিকীকরণ কাজ চলাকালের একটি কারিগরি ত্রুটি দায়ী বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী শান ডাফি। এক সংবাদ সম্মেলনে ডাফি জানান, শুক্রবার চার ঘণ্টার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের উড্ডয়ন স্থগিত করার পেছনে ঠিকাদারি প্রতিষ্ঠানের অপেশাদারিত্ব নাকি যন্ত্রাংশের ত্রুটি দায়ী ছিল, তা বের করার চেষ্টা করছে সরকার।
শুক্রবার সন্ধ্যায় গ্রাউন্ড স্টপ বা উড্ডয়ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও শনিবার বিমান চলাচলে মারাত্মক প্রভাব পড়ে। বিমানসংস্থাগুলো জমে থাকা দূরপাল্লার ও অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর জট ছাড়ানোর চেষ্টা চালায়। ডাফিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এর আগে এই সমস্যার জন্য পুরনো যন্ত্রপাতিকে দায়ী করেছিলেন।
পরিবহন মন্ত্রী শান ডাফি জানান, প্রযুক্তি সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এলথ্রিহ্যারিস’ (L3Harris) তামার তারের পরিবর্তে ফাইবার-অপটিক ক্যাবল সংযোগের জন্য মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে রক্ষণাবেক্ষণের কাজ করছিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অত্যন্ত পুরানো টেলিকমিউনিকেশন ব্যবস্থা রয়েছে, যা এতটাই পুরনো যে এর তারগুলোর সংযোগই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল।
মন্ত্রী ব্যাখ্যা করে বলেন, যে রাউটারে কাজ করা হচ্ছিল তা হঠাৎ করেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের অন্যান্য সিস্টেমে তথ্যের বন্যা বইয়ে দেয় এবং বিমানের সাথে যোগাযোগের সমস্যা তৈরি করে। নিরাপত্তার স্বার্থেই তখন উড্ডয়ন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তার পরিবর্তনের কারণে এই সমস্যা হয়েছে নাকি রাউটারের নিজস্ব কোনো ত্রুটির কারণে তা তদন্ত করে দেখা হচ্ছে।
শুক্রবার ইএসটি সময় ১৫:৫৪ (১৯:৫৪ জিএমটি) থেকে শুরু হওয়া চার ঘণ্টার এই স্থগিতাদেশটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর সবচেয়ে দীর্ঘস্থায়ী ঘটনা। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ওই দিন ১৫,০০০-এর বেশি ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়, যা আনুমানিক ১৫ লাখ যাত্রীকে প্রভাবিত করে। শনিবার আরও ৫,৯০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ৭,০০০টি বিলম্বিত হয়।
কিছু ক্ষেত্রে দেখা গেছে, যাত্রীরা রানওয়েতে বিমানের ভেতরেই ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন; বিমানগুলো উড্ডয়ন করতে পারেনি এবং গেটেও ফিরে আসতে পারেনি। এই উড্ডয়ন স্থগিতকরণের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল, যার ফলে যুক্তরাজ্য এবং ইউরোপ থেকে ছাড়ে এমন কিছু ফ্লাইটও বাতিল করতে হয়। তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, রবিবারের শেষ নাগাদ ফ্লাইট সূচি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কথা।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সাইবার হামলা বা কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অপতৎপরতার কারণে এই ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন না। এফএএ-এর প্রধান ব্রায়ান বেডফোর্ড একই সংবাদ সম্মেলনে বলেন, এতে কোনো দুষ্কৃতকারী কাজ বা এআই-সংক্রান্ত কিছু ঘটেছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
অন্যদিকে এলথ্রিহ্যারিস শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, এই দুর্ঘটনার আগেই তারা যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক যোগাযোগ অবকাঠামো আধুনিকীকরণের কাজ ৭০ শতাংশেরও বেশি সম্পন্ন করেছিল। সংস্থাটি এফএএ-এর তদন্তে সম্পূর্ণ সহায়তা করছে এবং যাত্রী ও বিমান চলাচলে সৃষ্ট বিঘ্নকে গুরুত্বের সাথে বিবেচনা করছে।
পরিবহন মন্ত্রী শান ডাফি সতর্ক করে দিয়েছেন যে, মার্কিন কংগ্রেস যদি এয়ার ট্রাফিক কন্ট্রোল অবকাঠামোর জন্য প্রয়োজনীয় আধুনিকীকরণ বাজেট অনুমোদন না করে, তবে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যবস্থার আধুনিকীকরণের জন্য ৩০.১ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছেন। শান ডাফি এর আগে বলেছিলেন, এই ব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কারের জন্য ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।