
শফিকুর রহমান দেশে জ্বালানি সংকটের জন্য রাজনৈতিক সিন্ডিকেটকে দায়ী করে তীব্র সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেন, “তেল আছে সংসদে, কিন্তু দেশে নেই।”
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ পরিচালনায় স্লোগানের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই এবং বর্তমান সরকার আন্তর্জাতিক প্রভাবমুক্তভাবে কাজ করতে পারছে না। তার অভিযোগ, পূর্বের ধাঁচে দেশ পরিচালনার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল করা হয়েছে।
জামায়াত আমির আরও বলেন, সমাজ বর্তমানে নানা গোঁজামিলের মধ্য দিয়ে চলছে এবং অতীত থেকে শিক্ষা না নেওয়ার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করছে। তিনি সতর্ক করে বলেন, “পাপ কখনো কাউকে ছাড়ে না।”
কৃষিখাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিদেশি ঋণের ওপর নির্ভরশীলতা কোনো দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে না। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
