থানা হেফাজতে নারীর আত্মহত্যা: হোমনায় চাঞ্চল্য, ম্যাজিস্ট্রেটি তদন্তের প্রস্তুতি

লেখক: Arisha Eme
প্রকাশ: ৪ মাস আগে
থানা হেফাজতে নারীর আত্মহত্যা: হোমনায় চাঞ্চল্য, ম্যাজিস্ট্রেটি তদন্তের প্রস্তুতি

কুমিল্লার হোমনা থানায় থানা হেফাজতে থাকা এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে থানার নারী ও শিশু সহায়তা ডেস্কের একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত নারীর নাম হামিদা ওরফে ববিতা। তিনি হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী। হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ববিতা তার সতীনের ১১ বছর বয়সী ছেলেকে পেটে ছুরিকাঘাত করেন। এতে শিশুটির নাড়িভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর স্থানীয় লোকজন ববিতাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ বুধবার বিকেল ৫টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে আহত শিশুটির চাচা স্বপন মিয়া বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ আরও জানায়, আটককৃত ওই নারীর সঙ্গে চার বছরের একটি শিশু থাকায় তাকে থানার নারী ও শিশু সহায়তা ডেস্কে রাখা হয়েছিল। ওই কক্ষে তার সঙ্গে আরেক নারী আসামি ও একজন নারী গ্রাম পুলিশ ছিলেন। ভোরে তারা বাথরুমে গেলে সুযোগ পেয়ে ববিতা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ওসি মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, থানা হেফাজতে মৃত্যুর বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহের সুরতহাল, ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • থানা হেফাজতে
  • নারীর আত্মহত্যা
  • ম্যাজিস্ট্রেটি তদন্তের প্রস্তুতি
  • হোমনায় চাঞ্চল্য