আন্তর্জাতিক ডেস্ক: ১৪ নভেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
দুর্নীতির গুরুতর মামলায় গ্রেপ্তার হওয়া ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)-এর উচ্চপদস্থ কর্মকর্তা ও জেনারেল সের্হি দুকা জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার ১.২ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ জামানত জমা দেওয়ার পর তাকে প্রাক-বিচার আটকাবস্থা থেকে মুক্তি দেওয়া হয়।
কারাগার থেকে বের হওয়ার পর চিত্র ধারণ করে সংবাদমাধ্যম টিএসএন.ইউএ। সেখানে সের্হি দুকা নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন। একই সঙ্গে জামিনের অর্থ জোগাড় করতে সহায়তা করার জন্য এসবিইউ-এর সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এর আগে গত ৪ নভেম্বর একটি বড় ধরনের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সের্হি দুকাকে আটক করা হয়েছিল। অপরাধ তদন্তকারীদের মতে, এই দুর্নীতিবাজ চক্রটির সঙ্গে এসবিইউ, প্রসিকিউটর অফিস, পুলিশ এবং বেশ কিছু সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী জড়িত ছিল।
ইউক্রেনের জাতীয় দুর্নীতিবিরোধী ব্যুরো (এনএবিইউ) জানায়, অপরাধী চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়মিত ঘুষ দিত। এর বিনিময়ে প্রতারণামূলক কল সেন্টার পরিচালনা, মাদক বিক্রি, জাল সিগারেট তৈরি এবং জাল মুদ্রা তৈরির মতো অপরাধগুলোর দিকে চোখ বন্ধ রাখত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যাগেইনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম (জিআই-টিওসি)-এর তথ্য অনুযায়ী, ইউক্রেনে পরিচালিত এসব প্রতারণামূলক কল সেন্টার থেকে প্রতি মাসে প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার পর্যন্ত আয় হতো।
চলতি নভেম্বরের শুরুর দিকে এনএবিইউ ঘোষণা করেছিল যে, এই দুর্নীতিবিরোধী অভিযানে নতুন করে পাঁচজনকে আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে জেনারেল দুকা অন্যতম।
জামিনে মুক্তির পর শুক্রবার দুকা দাবি করেন যে, তিনি দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের “প্রতিহিংসার শিকার” হয়েছেন। মূলত এনএবিইউ এবং নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরেই তাকে এভাবে ফাঁসান হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন।
ইউক্রেনে দুর্নীতি একটি দীর্ঘদিনের ও পুনরাবৃত্তিমূলক সমস্যা। ২০২২ সালে রাশিয়ান আক্রমণ শুরু হওয়ার পর থেকেও দেশে বেশ কয়েকটি বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারি উন্মোচিত হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।