আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় এই আসনে জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বিষয়টি নিশ্চিত করেন। এর ফলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের কোনো প্রার্থী না থাকায় বিএনপি জোটের নেতা-কর্মীরা এখন ট্রাক প্রতীক নিয়ে জসিম উদ্দিনের পক্ষে মাঠে নামবেন।
এই আসনে তাদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত জোটে থাকা শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সঙ্গে।
সংবাদ সম্মেলনে এএফএম তারেক মুন্সী জানান, দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কেন্দ্র থেকে মৌখিকভাবে গণঅধিকার পরিষদের প্রার্থীকে সমর্থন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি দেবিদ্বারের সাধারণ মানুষকে ট্রাক প্রতীকের পাশে থাকার এবং জসিম উদ্দিনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।
এদিকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিএনপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বিএনপির নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশনা দেওয়ায় নির্বাচনী লড়াইয়ে তাদের প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হলো। নির্বাচনের ঠিক আগমুহূর্তে দেবিদ্বারের এই নতুন জোট গঠন স্থানীয় রাজনীতিতে ব্যাপক উত্তাপ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।