দেবিদ্বারে হাসনাতের ব্যানারে আগুন: ছড়িয়ে পড়া ভিডিওতে তীব্র উত্তেজনা, তদন্তে পুলিশ

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
দেবিদ্বারে হাসনাতের ব্যানারে আগুন: ছড়িয়ে পড়া ভিডিওতে তীব্র উত্তেজনা, তদন্তে পুলিশ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচার ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (২ জানুয়ারি) রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ তৈরি হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার–বুড়িপাড়া সড়কের গাঙপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় সড়কের ওপর টাঙানো হাসনাত আবদুল্লাহর ‘শাপলাকলি’ প্রতীকের কয়েকটি নির্বাচনী ব্যানারে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। একই সময়ে আশপাশের আরও কয়েকটি স্থানে থাকা ব্যানারেও আগুন দেওয়া হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, “ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, “দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের কয়েকটি নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়েছে। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা শঙ্কিত। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “খাইয়ার এলাকায় হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন দেওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা যায়নি, তবে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”