
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন করেছেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি।
সোমবার (২ ফেব্রুয়ারি) সফরকালে তিনি জেলায় মোতায়েন সামরিক বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন এবং জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, র্যাব, এনএসআই এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় জিওসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের নিবিড় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পরে তিনি নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলার দায়িত্বে থাকা সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনা দেন। দেশ ও জাতির প্রয়োজনে দীর্ঘ সময় ধরে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
