নতুন কর্মসূচি ঘোষণা করে সাড়ে ৩ ঘণ্টা পর ফার্মগেট ছাড়লেন শিক্ষার্থীরা

লেখক: Arisha Eme
প্রকাশ: ৭ মাস আগে
নতুন কর্মসূচি ঘোষণা করে সাড়ে ৩ ঘণ্টা পর ফার্মগেট ছাড়লেন শিক্ষার্থীরা

সহপাঠী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধের পর রাজধানীর ফার্মগেট এলাকা ছেড়ে গেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। অবরোধ প্রত্যাহারের পাশাপাশি তারা নতুন কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ শুরু করেন। এতে এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের কারণে ফার্মগেট ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হন যাত্রী ও যানবাহন চালকেরা।

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। এরপর তারা পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন। এ সময় কলেজটির শিক্ষার্থী আবদুর রহমান রাফি বলেন, সহপাঠী সাকিবুল হাসান রানা (১৮) হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ৩টায় তেজগাঁও থানা ঘেরাও করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। পরে তিনি মারা যান। এ ঘটনার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার সড়কে নেমে আন্দোলন করে আসছেন।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।