হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

লেখক: Arisha Eme
প্রকাশ: ৭ মাস আগে
হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর রুল ২ সপ্তাহে নিষ্পত্তির নির্দেশ

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে ঋণখেলাপির তালিকা থেকে মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আগের আদেশ বহাল রাখা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। শুনানি শেষে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার সাংবাদিকদের বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী তাঁর ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে আইন অনুযায়ী তাঁকে আর ঋণখেলাপি হিসেবে বিবেচনা করা যায় না।

অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন বলেন, হাইকোর্টের আদেশের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য চেম্বার আদালতে আবেদন করা হয়েছিল। চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বেঞ্চে পাঠাননি এবং হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, মুন্সীর মনোনয়ন এখনো কেউ চ্যালেঞ্জ করেনি এবং নির্বাচনে অংশগ্রহণে তাঁর কোনো আইনি বাধা নেই। তবে কুমিল্লা-৪ আসনের অপর প্রার্থী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আপিল করেছেন, পাশাপাশি আমরাও আপিল করেছি। এর ফলাফল পরবর্তী সময়ে জানা যাবে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে সেই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন করেন মুন্সী।

এর আগে বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করার আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।