
নারীদের রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলায় উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, নারীদের ঘরের কাজ সহজ করতে এলপিজি কার্ড দেওয়া হবে। পাশাপাশি ডিগ্রি পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে, এখন দেশ গঠনের সময়। আগামী দুই থেকে চার মাসের মধ্যে বন্ধ থাকা অনেক কল-কারখানা পুনরায় চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় স্থানীয়দের খাল খননে স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী এবং জনগণের উন্নয়নমূলক কর্মসূচি যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।
জনগণের লুণ্ঠিত অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে কেউ খেললে অতীতের মতোই জনগণ তার জবাব দেবে। পাশাপাশি দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
