ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কালিবাড়ি এলাকায় পরিচালিত এক বাজার তদারকি অভিযানে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তদারকির সময় দেখা যায়, ওই এলাকার খুচরা এলপিজি বিক্রয় প্রতিষ্ঠান ‘ইউনাইটেড সেনিটারি’ সরকার নির্ধারিত ১ হাজার ৯৪০ টাকার পরিবর্তে ১২ কেজি গ্যাস সিলিন্ডার ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করছে। অর্থাৎ প্রতিটি সিলিন্ডারে সাধারণ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ৩৬০ টাকা আদায় করা হচ্ছিল।
এ অপরাধে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির মালিক এনামুল হককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ রক্ষায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি সতর্ক করেন।