— বিজ্ঞাপন —

নেতানিয়াহুকে সরানোর সুযোগ পেলেন আইজেনকট, তবে সরকার গঠনে জটিল সমীকরণ

ইসরায়েলে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী জোটের নেতা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তবে নির্বাচনে কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
নেতানিয়াহুকে সরানোর সুযোগ পেলেন আইজেনকট, তবে সরকার গঠনে জটিল সমীকরণ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ শাসনের অবসান ঘটানোর সুযোগ পেয়েছেন দেশটির বিরোধী জোটের নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তবে ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের পথ বেশ কঠিন ও জটিল রয়ে গেছে। প্রেসিডেন্ট সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পাশাপাশি দেশে একটি স্থিতিশীল সরকারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সতর্কবার্তা দিয়েছেন।

দায়িত্ব পাওয়ার পর গাদি আইজেনকট এক বিবৃতিতে জানান, বর্তমান পরিস্থিতিকে গভীরভাবে বোঝেন এমন যে কারও জন্য তাঁর দরজা খোলা রয়েছে। তিনি নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের দলকেও তাঁর সরকারে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে শর্ত হিসেবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে প্রধানমন্ত্রী হিসেবে কেবল তিনিই থাকবেন।

নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসনে জয় পেয়েছে। নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য ন্যূনতম ৬১টি আসনের প্রয়োজন। অন্যদিকে আরব নেতাদের নেতৃত্বাধীন দল ‘রাআম’ ও ‘জয়েণ্ট লিস্ট’-এর ১৯টি আসন রয়েছে। যদি এই আরব দলগুলোর সমর্থন আইজেনকটের জোটে যোগ হয়, তবে আসন সংখ্যা দাঁড়ায় ৬৭। কিন্তু আইজেনকটের জোটের ডানপন্থী শরিকদের অনেকেরই আরবদের সমর্থনে সরকার গঠনে তীব্র আপত্তি রয়েছে।

নির্বাচনের পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় মোট ৬৭টি আসনের প্রতিনিধিত্বকারী নেতারা আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশকারী দলগুলোর মোট আসন ছিল ৪৬। দীর্ঘ সময় দেশ শাসন করা নেতানিয়াহুর দল লিকুদ পার্টি ২৭টি আসন পেলেও তাঁর জোটের শরিক ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ (ইউটিজে) কাউকে সমর্থন না দেওয়ার কথা জানালে তিনি পিছিয়ে পড়েন।

বর্তমানে সরকার গঠন ও নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাআম ও জয়েন্ট লিস্ট সরাসরি মন্ত্রিসভায় যোগ না দিয়ে বাইরে থেকেও আইজেনকটকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে। কিন্তু আইজেনকটের জোটের ডানপন্থী দল ‘ইসরায়েল বেইতেনুর’-এর নেতা অ্যাভিগদর লিবারম্যান আরবদের ওপর নির্ভরশীল সরকারের বিরোধিতা করছেন। অবশ্য আইজেনকটের জোটের মধ্যবামপন্থী দল ‘দ্য ডেমোক্র্যাটস’ আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের পক্ষে সোচ্চার।

আইজেনকটের সামনে অন্য বিকল্প হিসেবে রয়েছে অতি রক্ষণশীল ইহুদি দল ‘শাস’ এবং ‘ইউটিজে’-কে জোটে টানা। তাদের ১৩টি আসন যুক্ত হলে ঠিক ৬১টি আসন পূরণ হয়। কিন্তু ধর্মীয় পাঠরত শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে তাদের সঙ্গে মতবিরোধ রয়েছে। এছাড়া নেতানিয়াহুর লিকুদ পার্টিকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের একটা তাত্ত্বিক সম্ভাবনা থাকলেও, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোই আইজেনকটের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি হওয়ায় তা ঘটার সম্ভাবনা বেশ ক্ষীণ।

নবগঠিত পার্লামেন্টের সদস্যরা মঙ্গলবার শপথ নেবেন। নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন এবং প্রেসিডেন্ট প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়াতে পারেন। এই মেয়াদের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে অন্য কোনো নেতাকে দায়িত্ব দেওয়া হতে পারে অথবা নতুন নির্বাচনের পথ উন্মুক্ত হবে। বারবার নির্বাচন এড়াতে বিভিন্ন দল সমঝোতায় পৌঁছায় কি না, এখন সেটাই দেখার বিষয়।

সূত্র: প্রথম আলো
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗