
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের ওপর নির্যাতন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মুক্তমঞ্চ থেকে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম তপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজিউল রহমান তানভীন, জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মাওলানা সোলেমান, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, জয়েন্ট সেক্রেটারি হিজবুল্লাহ হেলালী, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরদ্দিন মোল্লা, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শিব্বির আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক মীর কাসেম আলী এবং দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন।
বক্তারা বলেন, সীমান্তে একের পর এক বাংলাদেশি হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ এবং নিরীহ মানুষের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে সীমান্ত হত্যা বন্ধ না হলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া ও কসবা সীমান্ত পর্যন্ত লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা আরও বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে সীমান্তে হত্যা ও নির্যাতনের মতো অমানবিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় দেশের মানুষ রাজপথে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
