আন্তর্জাতিক ডেস্ক: ১৪ নভেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা আসাদ কায়সার এবং খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রীর গৃহায়ণ বিষয়ক সাবেক বিশেষ সহকারী ড. আমজাদ আলীর বিরুদ্ধে কথিত দুর্নীতি ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরো (এনএবি)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে খাইবার পাখতুনখওয়ার গভর্নরের তথ্য ও জনসংযোগ বিষয়ক উপদেষ্টা সমর হারুন বিলৌর এই দুই পৃথক এনকাউয়ারি সংক্রান্ত তথ্য প্রকাশ করেন। তিনি জানান, গত ১৩ নভেম্বর এনএবি থেকে এ বিষয়ে একাধিক নোটিশ জারি করা হয়েছে।
উপদেষ্টা বিলৌর জানান, পিটিআই নেতা আসাদ কায়সারের বিরুদ্ধে চলা তদন্তের অংশ হিসেবে ১০ জন ব্যক্তির নামে নিবন্ধিত অংশীদারি ফার্ম, ব্যবসায়িক সম্পর্ক এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় রেকর্ড চাওয়া হয়েছে। এনএবি আসাদ কায়সার, তাঁর পরিবারের সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যবসায়িক অংশীদারিত্ব, ব্যবসায়িক ঠিকানা ও নথি চেয়েছে।
অন্যদিকে, ড. আমজাদ আলীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ ও দুর্নীতির অভিযোগে তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এ মামলায় এনএবি ৯ জন ব্যক্তিকে সাক্ষী হিসেবে নোটিশ পাঠিয়েছে।
তদন্তের অংশ হিসেবে ইসলামাবাদের ‘ইটিন’ হাউজিং সোসাইটিতে অবস্থিত ‘CLG-003’ চিহ্নিত একটি সম্পত্তি ক্রয়ের তথ্য জানতে ৫ জন ব্যক্তিকে তলব করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, ঐ ৫ ব্যক্তির মাধ্যমে মোট ২ কোটি ৪৪ লাখ রুপি লেনদেন বা পরিশোধ করা হয়েছিল।
সমর হারুন বিলৌরের শেয়ার করা তথ্যানুযায়ী, ইমরান আলী ১৫ লাখ রুপি, কামরান আলী ৪৯ লাখ রুপি, কাশিফ আলী ১ কোটি রুপি, ওয়াকার আলী ৬০ লাখ রুপি এবং জিয়াউর রহমান ২০ লাখ রুপি পরিশোধ করেন। এনএবি এই অর্থের আসল উৎস খতিয়ে দেখছে।
এই পাঁচজন ব্যক্তিকেই আগামী ১৯ নভেম্বর এনএবির তদন্ত কর্মকর্তার সামনে সাক্ষী হিসেবে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ড. আমজাদ আলী মামলার পৃথক এক অগ্রগতির সূত্রে মোহাম্মদ তারিক নামের এক ব্যক্তিকে ১৭ নভেম্বর সাক্ষী হিসেবে হাজির হতে দ্বিতীয় কল-আপ নোটিশ দিয়েছে এনএবি। একই সাথে চারটি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ব্যাংক অ্যাকাউন্ট ও স্টেটমেন্ট জমা দিতে বলা হয়েছে।
ব্যাংক রেকর্ড চাওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পাইওনিয়ার্স রেসিডেনসিয়া প্রাইভেট লিমিটেড, পাইওনিয়ার্স টাউন প্রাইভেট লিমিটেড, আরাবিয়া পাইওনিয়ার্স ক্রেনস ট্রেডিং অ্যান্ড ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড এবং পাইওনিয়ার্স কনস্ট্রাকশন অ্যান্ড রিয়েল এস্টেট কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড।
এর আগে গত ২৮ অক্টোবর মোহাম্মদ তারিককে দেওয়া নোটিশের ধারাবাহিকতায় এসব অতিরিক্ত নথিপত্র ও আর্থিক লেনদেনের রেকর্ড তলব করেছে পাকিস্তানের দুর্নীতিবিরোধী এই সংস্থাটি।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।