
বরগুনার পাথরঘাটায় একটি সিআর মামলার আসামির জামিনের তদবিরে বিচারককে ঘুষ দিতে গিয়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার জালালকে আদালতেই আটক করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
আদালতের প্রতিবেদনে জানা যায়, সোমবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ খাস কামরায় অবস্থানকালে পাথরঘাটা থানার এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করেন। সালাম বিনিময়ের পর তিনি সিআর ৭৮০/২৩ নম্বর মামলার একটি কাগজ দেখিয়ে মামলার আসামি মো. রাজু মিয়ার জামিনের সুপারিশ করেন।
এ সময় তিনি জানান, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং জামিন দিলে তা রিকল করার ব্যবস্থা করা হবে। এ ধরনের বেআইনি তদবিরে ম্যাজিস্ট্রেট বিব্রত বোধ করেন। অভিযোগ রয়েছে, বিচারককে অবৈধভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে এসআই শাহরিয়ার জালাল ঘুষ দেওয়ার চেষ্টা করেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে আদালতের নজরে এলে কার্য অসদাচরণ ও ফৌজদারি অপরাধের অভিযোগে কোর্ট পুলিশের সিএসআই, জিআরও এবং আদালতের সহায়ক কর্মচারীদের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট নিজেই এসআই শাহরিয়ার জালালকে আটক করেন।
পরবর্তীতে বিষয়টি পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) এর মাধ্যমে বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত-ই-খুদাকে অবহিত করা হয়। জেলা পুলিশ সুপারের অনুরোধে এবং বিভাগীয় মামলা করার শর্তে সোমবার রাতেই এসআই শাহরিয়ার জালালকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মংচিনলা বলেন, “এ ব্যাপারে বিচারক অর্ডার শিটে যে সিদ্ধান্ত দেবেন, সেই অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি মূলত ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট এসআইয়ের মধ্যে সীমাবদ্ধ। এর বেশি কিছু বলা সম্ভব নয়।”
ঘটনাটি নিয়ে আইন অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে এবং আদালতের স্বাধীনতা ও স্বচ্ছতা রক্ষায় দ্রুত বিভাগীয় তদন্তের দাবি উঠেছে।
