
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডিসহ বিভিন্ন সেবা দ্রুত ও সহজভাবে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতে পুলিশ ক্লিয়ারেন্সের নামে সাধারণ মানুষ যে ধরনের ভোগান্তির শিকার হতেন, ভবিষ্যতে যেন সে ধরনের অভিযোগ আর না আসে, সে বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়-এ পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্ব ও সামাজিক বাস্তবতায় পুলিশিং এখন শুধু অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলে পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশে একটি শক্তিশালী সাইবার ইউনিট গঠন এখন সময়ের দাবি। সাইবার ও আর্থিক অপরাধ দমনে সমন্বিত “সাইবার সিকিউরিটি ক্রাইম ইউনিট” প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। এ ইউনিটের প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুর এলাকায় সরকার দুটি বড় প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে একটি হবে বিশেষ এলিট ফোর্সের জন্য।
তিনি বলেন, অতীতে কিছু ঘটনায় পুলিশ বাহিনীকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তবে গত দুই থেকে আড়াই মাসে পুলিশ সদস্যরা ভাবমূর্তি পুনরুদ্ধারে আন্তরিকভাবে কাজ করেছেন এবং ইতোমধ্যে জনগণের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন বলে সরকার মনে করে।
পর্যটন খাতের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ-এর সক্ষমতা বাড়ানো হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “আমরা এখনো কাঙ্ক্ষিত সুনাম অর্জন করতে পারিনি। টুরিস্ট পুলিশ, আইজিপিসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে দেশের ভাবমূর্তি উন্নত হয় এবং বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়।”
