অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই বিবেচ্য: পুলিশকে প্রধানমন্ত্রীর নির্দেশ

লেখক: Arisha Eme
প্রকাশ: ৫ ঘন্টা আগে
দুর্নীতি-সন্ত্রাসে জড়িতদের রাজনৈতিক পরিচয়ে নয়

দুর্নীতি, সন্ত্রাস কিংবা অপরাধের ক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, অপরাধকেই গুরুত্ব দিতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ব্যক্তি বা দল নয়—পুলিশ হবে আইনের রক্ষক এবং ন্যায়বিচারের প্রতীক।

সোমবার (১১ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়-এ পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। একইসঙ্গে কেউ যেন সাম্প্রদায়িকতা, সহিংসতা কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, “সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এ নিয়ে কারও মধ্যে কোনো সন্দেহ বা সংশয়ের সুযোগ নেই।”

দেশকে সমৃদ্ধ, স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সরকার পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে। তবে বিগত সময়ে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে দেশের ওপর বড় ধরনের ঋণের বোঝা তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চারগুণ বেশি দামে নির্মাণ করা হয়েছে, যার ঋণের চাপ এখন জনগণকে বহন করতে হচ্ছে। এ কারণে রাষ্ট্রীয় ব্যয়ে সাশ্রয়ী হওয়ার জন্য পুলিশসহ সব সরকারি প্রতিষ্ঠানকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষকে স্বনির্ভর করে তুলতে এবং নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে তার সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আধুনিক পুলিশিং শুধু অপরাধ দমনেই সীমাবদ্ধ নয়; জনগণের সঙ্গে আস্থা, বিশ্বাস ও মানবিক সম্পর্ক গড়ে তোলাও পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

  • অপরাধই বিবেচ্য: পুলিশকে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়