পুলিশের ওপর হামলা; মামলায় আসামি ১০৩৯ জন

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ ঘন্টা আগে
ফুটবল খেলা ঘিরে সংঘর্ষ, পুলিশের ওপর হামলা; মামলায় আসামি ১০৩৯ জন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় এক হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। ইতোমধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় শনিবার রাতে উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামের মানুষের মধ্যে এবং রাতেই তা সংঘর্ষে রূপ নেয়।

পরদিন শনিবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে গ্রামবাসীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এই ঘটনায় ওসি এস এম আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। এছাড়া উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • পুলিশের ওপর হামলা; মামলায় আসামি ১০৩৯ জন
  • ফুটবল খেলা ঘিরে সংঘর্ষ