বাংলাদেশ ডেস্ক: ২২ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
রংপুরের বদরগঞ্জে মুরগি চুরির অভিযোগ তুলে মকবুল হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার ভোরে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সরলারবাজার মোড় এলাকার একটি মুরগির খামারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে আটক করেছে।
নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন মৌলভীপাড়া গ্রামের মৃত সবুর আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, শনিবার দিবাগত রাতে সরলারবাজার মোড় এলাকার একটি মুরগির খামারে চুরির ঘটনা ঘটে। এর জেরে চুরির অভিযোগ এনে স্থানীয় কয়েকজন ব্যক্তি মকবুল হোসেনকে তাঁর বাড়ি থেকে ডেকে নেন এবং আটকে রাখেন। পরে তাঁকে গণধোলাই ও মারধর করা হয়। এতে তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন এবং গুরুতর আহত হয়ে পড়েন।
গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আইনুন নাহার জানান, হাসপাতালে আনার কিছুক্ষণ পরই ওই যুবকের মৃত্যু হয়। তাঁর শরীরে অসংখ্য মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে বিষয়টি বদরগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়।
হাসপাতালে নিহতের স্ত্রী আরজু বেগম দুই সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি দাবি করেন, তাঁর স্বামী সম্পূর্ণ নির্দোষ ছিলেন। তাঁকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, চুরির অভিযোগ তুলে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। ঘটনার প্রাথমিক তদন্তের অংশ হিসেবে চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সূত্র: সমকাল

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।