ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন। সংবিধানে এ অধিকার স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তবে দেশে ফেরার পর সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, তা সরকারই নির্ধারণ করবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
এর আগে উপজেলার আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের “ভাষা সৈনিক অলি আহাদ সম্মাননা স্মারক” প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তাঁর বাবা প্রয়াত ভাষা সৈনিক অলি আহাদের স্মরণে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা বলেন, ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের সূচনা হলেও ভাষা সৈনিক অলি আহাদের অবদান ইতিহাসে যথাযথভাবে লিপিবদ্ধ হয়নি। তিনি বলেন, দেশের ইতিহাস অনেক সময় রাজনৈতিক বয়ানের ভিত্তিতে রচিত হয়েছে।
তিনি আরও বলেন, “যে দল যখন ক্ষমতায় থাকে, ইতিহাস অনেক সময় তাদের দৃষ্টিভঙ্গিতেই লেখা হয়। তা না হলে অলি আহাদ, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা এ কে ফজলুল হকের মতো ব্যক্তিত্বদের জীবন ও অবদান সম্পর্কে নতুন প্রজন্ম আরও বিস্তৃতভাবে জানতে পারত।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি লাঠিখেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। অনুষ্ঠানের আশপাশে তাঁর নেতৃত্বে ৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।