বায়তুল মোকাররমে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, আহত কয়েকজন

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ মাস আগে
বায়তুল মোকাররমে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, আহত কয়েকজন

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে জিপিও লিংক রোডের স্বর্ণ গলি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, গত ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জিপিও লিংক রোডের দুই পাশের ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হয়। তবে পরদিনই হকাররা পুনরায় সেখানে দোকান বসালে উত্তেজনা সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার বায়তুল মোকাররম স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে আবারও উচ্ছেদ কার্যক্রম শুরু হলে ব্যবসায়ী ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সংঘর্ষ পুরোপুরি এড়ানো যায়নি। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • আহত কয়েকজন
  • বায়তুল মোকাররমে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ