মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: স্টিলের বান্ডেল চাপায় পথচারীর মৃত্যু, আহত ৩

লেখক: Arisha Eme
প্রকাশ: ৫ দিন আগে
মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: স্টিলের বান্ডেল চাপায় পথচারীর মৃত্যু, আহত ৩

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় চারটি গাড়ির সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় আশরাফ (১৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার পেয়ারুল হকের ছেলে। আহতরা হলেন—সোহাগ (২০), রাসেল (৩২) এবং নুরুল আমিন (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যান চলাচল ধীরগতির মধ্যে থাকায় প্রথমে একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এরপর ওই কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় স্টিলের বান্ডেলবোঝাই একটি ট্রাক। পরবর্তীতে ট্রাকটির পেছনে আরও একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে চারটি যানবাহনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে।

সংঘর্ষের এক পর্যায়ে ট্রাকে থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিটকে পড়ে একটি কাভার্ডভ্যানের ওপর। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক-হেল্পারসহ তিনজন আহত হন। একই সময়ে রাস্তা পারাপারের সময় আশরাফ দুর্ঘটনার মধ্যে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আশরাফ মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের জানান, হাসপাতালে আনা চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। পরে সেখানে একজনের মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকারিয়া জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

  • আহত ৩
  • মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: স্টিলের বান্ডেল চাপায় পথচারীর মৃত্যু