বিজয়নগরে নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: মোঃ মোশারফ হোসেন
প্রকাশ: ১ সপ্তাহ আগে

উপজেলা প্রতিনিধি, বিজয়নগর: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ তাঁর বক্তব্যে বলেন, বিজয়নগর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিক সেবার মানোন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। তিনি আরও বলেন, “উপজেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আমি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সভায় উপস্থিত বক্তারা নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান এবং তাঁর নেতৃত্বে উপজেলার উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা বেগম, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক, বিএনপির সভাপতি মহসিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মিয়া, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডার ধবির হোসেন দস্তগীরসহ উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহির, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিদয়, সাংগঠনিক সম্পাদক মোশাররফ ইসলাম ও দপ্তর সম্পাদক শাহজাহান মিয়াসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের করণীয় বিষয়ে আলোচনা হয় এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসক জানান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে বিজয়নগরে দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত জেলা প্রশাসক উপজেলা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।