
ব্রাহ্মণবাড়িয়া, ৭ এপ্রিল ২০২৬:
ব্রাহ্মণবাড়িয়া জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ আবু সাঈদ আজ বিজয়নগর উপজেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি খাল খনন কর্মসূচির আওতাভুক্ত বোয়ালিয়া খাল, উপজেলা পরিষদ কার্যালয় এবং বিজয়নগর থানা পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তিনি মনোযোগসহকারে শোনেন এবং সেগুলোর কার্যকর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, জনসেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সকলকে তিনি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ পরিদর্শনের মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান দ্রুত বাস্তবায়ন হবে।
