বিশ্বনাথে জেলা প্রশাসকের পরিদর্শন
‘ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ’ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু
‘আমার শহর, আমার দায়িত্ব’—এই প্রত্যয়কে সামনে রেখে পরিচ্ছন্ন ও সবুজ বিশ্বনাথ গড়ার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি নিজ হাতে অপ্রয়োজনীয় ঝোপঝাড় পরিষ্কার করে সংগঠনটির কার্যক্রমের শুভ সূচনা করেন।সংগঠনটির উদ্যোক্তারা জানান, বিশ্বনাথকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে ময়লা-আবর্জনা, ঝোপঝাড় ও রাস্তার পাশ পরিষ্কার করা, পৌরসভার বাসিন্দাদের নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সচেতন করা এবং বাসিয়া নদীতে ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হবে।উদ্বোধনকালে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন স্বেচ্ছাসেবী সংগঠনটির এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, যত্রতত্র ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা জমে থাকার কারণে ডেঙ্গু মশার উপদ্রব বাড়ছে। এতে মানুষ ডেঙ্গুর মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। পচা ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ দূষণ ও বিভিন্ন রোগবালাই বৃদ্ধি পাচ্ছে।তিনি আরও বলেন, রোগবালাই থেকে রক্ষা পেতে বাসাবাড়ির আঙিনা, রাস্তা-ঘাটসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিবেশ সুন্দর রাখতে সবার সচেতনতা প্রয়োজন। স্বেচ্ছায় ঝোপঝাড় ও ময়লা পরিষ্কার করে ‘গ্রীন বিশ্বনাথ’ গড়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটি একটি মহৎ উদ্যোগ। এমন উদ্যোগ গ্রহণকারীদের তিনি ধন্যবাদ ও অভিনন্দন জানান।এর আগে প্রশাসনিক বিভিন্ন দপ্তর পরিদর্শনের উদ্দেশ্যে বিশ্বনাথ উপজেলায় আসেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন।পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। সভায় শিক্ষক সংকট, স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা, কৃষি ও ভূমি সেবা সংক্রান্ত নানা জটিলতার বিষয় তুলে ধরা হলে তিনি এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।মতবিনিময় শেষে জেলা প্রশাসক উপজেলা কৃষি দপ্তর ও ভূমি অফিস পরিদর্শন করেন। পরে ভূমি অফিস এবং উপজেলা অডিটোরিয়াম হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।এ সময় দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান, সেলাই মেশিন, গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাইকেল ও মোবাইল ফোন এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।বিশ্বনাথে জেলা প্রশাসকের প্রথমবারের আগমন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ কোনো কারণ নেই; এটি প্রশাসনের নিয়মিত পরিদর্শনের অংশ।উপজেলার প্রশাসনিক বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, প্রশাসনিক বিভিন্ন সমস্যা ও সংকট রয়েছে। এগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।এদিকে বাসিয়া নদীর তীর দখল ও নদীতে বর্জ্য ফেলে ভরাটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের কাছ থেকে নদী দখল, আইনগত জটিলতা ও নদীতে ময়লা-আবর্জনা ফেলার বিষয়গুলো অবহিত হন তিনি। এ সময় নদীর তীর দখলকারীদের তালিকা প্রস্তুত করে তার কাছে দেওয়ার জন্য ইউএনওকে নির্দেশ দেন জেলা প্রশাসক।
পাশাপাশি বাসিয়া নদীতে বর্জ্য ফেলে নদী ভরাট না করতে পৌর শহরের বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।‘ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ’ সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তা মো. আজাদ আলী, স্বেচ্ছাসেবক মুফতি আব্দুল মুক্তাদির, আবু রায়হান, আল আমিন, এস এ সাজু, ফেরদৌস হাসান নাঈম, আলী আকবর এমরান, শাহেদ আমিন, আহাদ আলী, সাইফুল ইসলাম ও ফাহিম আহমদসহ বিভিন্ন মহলের সুশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এছাড়া উপজেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।