আন্তর্জাতিক ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
জর্ডানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার বিশ্বজুড়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিমের বার্ষিক তালিকা প্রকাশ করেছে। মুসলিম উম্মাহ ও আঞ্চলিক শান্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এই তালিকায় প্রথমবারের মতো গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছেন পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব।
প্রকাশিত তালিকায় যৌথভাবে শীর্ষ স্থান অধিকার করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।
প্রতিবেদনে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের বিশেষ অর্জনের কথা উল্লেখ করা হয়েছে। তিনি দেশটির ইতিহাসে প্রথম ‘হাফেজে কুরআন’ যিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার সময় পাকিস্তানের নিরপেক্ষ নীতির ভূয়সী প্রশংসা করা হয়েছে এই প্রতিবেদনে। সেখানে বলা হয়, শান্তি ও কূটনৈতিক সমাধানের ক্ষেত্রে পাকিস্তান সক্রিয় ভূমিকা পালন করেছে।
আঞ্চলিক সংকট নিরসনে ফিল্ড মার্শাল অসীম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আন্তরিক মধ্যস্থতার প্রচেষ্টাকে প্রতিবেদনে বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে।
পাশাপাশি ‘মক্কা নিরাপত্তা চুক্তি’ কার্যকর ও ব্যবহারিক সহযোগিতায় রূপ দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের নেতৃত্বের পদক্ষেপকে সাধুবাদ জানানো হয়।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার এই ত্রিদেশীয় কৌশলগত সহযোগিতাকে আঞ্চলিক অংশীদারিত্বের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে জর্ডানের প্রতিষ্ঠানটি।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।