ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ার অভিযানে ছয় ড্রেজার ও ৮ হাজার ফুট পাইপ ধ্বংস

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ার অভিযানে ছয় ড্রেজার ও ৮ হাজার ফুট পাইপ ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ব্যবহার করে মাটি উত্তোলন রোধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৫ এপ্রিল) বিকেলে ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি উত্তোলনের অভিযোগ আসছিল। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ। অভিযান চলাকালে ছয়টি অবৈধ ড্রেজার মেশিন এবং প্রায় সাত থেকে আট হাজার ফুট পাইপ ভেঙে ও পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, “অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলনের ফলে কৃষি জমি ও পরিবেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা আজ বড় ধরনের সরঞ্জাম ধ্বংস করেছি, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। অপরাধীরা পার্শ্ববর্তী উপজেলায় পালিয়ে গেছেন, তবে ভবিষ্যতে কসবা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আরও বড় পরিসরে অভিযান চালানো হবে।”

উপজেলা প্রশাসন এ অভিযানকে পরিবেশ রক্ষা ও কৃষিজমির সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করেছে।

  • ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ার অভিযানে ছয় ড্রেজার ও ৮ হাজার ফুট পাইপ ধ্বংস