ব্রাহ্মণবাড়িয়ায় জেলিযুক্ত চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

লেখক: আরিশা ইমি
প্রকাশ: ২ ঘন্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ায় জেলিযুক্ত চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে জেলিযুক্ত ক্ষতিকর চিংড়ি বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে জব্দ করা ৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আনন্দ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আনন্দ বাজারে অসাধু উপায়ে জেলিযুক্ত চিংড়ি বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযানকালে এনামুল নামে এক মাছ ব্যবসায়ীকে জেলিযুক্ত ক্ষতিকর চিংড়ি বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীর কাছ থেকে জব্দ করা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি ঘটনাস্থলেই জনসম্মুখে ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলিযুক্ত চিংড়ি বিক্রির মতো অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।