জাতীয় গ্রিডে জ্বালানি সরবরাহ বৃদ্ধি ও দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস লোকেশন-সি এলাকায় তিতাস-২৮ নম্বর কূপ থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার তিতাস লোকেশন-সির কূপ এলাকায় পেট্রোবাংলার আওতাধীন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) সার্বিক ব্যবস্থাপনায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্যাস উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
উদ্বোধনী বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং দেশীয় প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিতাস-২৮ নম্বর কূপ থেকে নতুন এই গ্যাস উৎপাদন জাতীয় গ্রিডে বড় ধরনের স্বস্তি যোগ করবে।
তিনি আরো বলেন আমরা পর্যায়ক্রমে আরও বেশ কিছু নতুন ও পুরনো কূপে খনন ও ওভারহোলিংয়ের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছি। শিল্পের চাকা সচল রাখতে এবং সাধারণ মানুষের বাসাবাড়িতে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করতে দেশীয় গ্যাসের এই শুভ সংযোজন এক মাইলফলক হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব জনাব মো. জিয়াউল হক।
বক্তব্যে তারা দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করতে বিজিএফসিএলের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও নতুন কূপ খনন করে অনুসন্ধান জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত আমন্ত্রিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ও অতিথিবৃন্দ তিতাস-২৮ নম্বর কূপের বিভিন্ন কারিগরি প্ল্যান্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরত প্রকৌশলী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।