
ব্রাহ্মণবাড়িয়া: “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন” — এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে শহরের পশ্চিম মেড্ডা চকবাজার এলাকার আল-আকসা মসজিদ সংলগ্ন স্থানে ‘শরীফপুর একতা সংগঠন’-এর উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শহর ১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরে আলম সিদ্দিকী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি জনাব জুয়েল মিয়া।
বক্তারা তাদের বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে এই মরণনেশা থেকে রক্ষা করতে হলে কেবল আইন প্রয়োগকারী সংস্থা নয়, বরং পরিবার ও সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে। পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
বিশিষ্ট সমাজসেবক মো: বকুল মিয়া, সৈয়দ ওয়াকিউর রহমান ওয়াকি, গণ-অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো: হাসানুর রহমান উবাইদুল্লাহ, জেলা ভেকু মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো: মাসুম রানা, সৈয়দ আসানুর রহমান এবং সৈয়দ আজিজুল রহমান।
এছাড়াও সমাবেশে বক্তব্য দেন শরীফপুর একতা সংগঠনের মুখপাত্র মুজাহিদ আলম, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী এবং ‘মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান পুস্প।
সমাবেশ সফল করতে সংগঠনের সক্রিয় সদস্য রাসেল মিয়া, সুমন মিয়া, রুবেল মিয়া, সজীব আহমেদ, বোরহান মিয়া ও হিমেল মিয়াসহ অন্যান্য সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেন। স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতিতে সমাবেশটি একটি সামাজিক আন্দোলনে রূপ নেয়।
পরিশেষে, বক্তারা এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের নিয়মিত অভিযান ও স্থানীয় যুবকদের নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন
