ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন ওরফে দিলু (৬০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের উত্তর মৌড়াইল পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেলোয়ার হোসেন দিলু উত্তর মৌড়াইল এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উত্তর মৌড়াইল এলাকায় একটি চক্র মাদক কারবার চালিয়ে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার অধীন ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দিলুর হেফাজতে থাকা কয়েকটি বস্তা তল্লাশি করে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম জানান, গ্রেপ্তার দেলোয়ার হোসেন দিলুর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মাদক নির্মূলে সদর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।