
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাদ দেওয়া হয়েছে। রোববার (১৮ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চিঠি সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গত ৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে একটি চিঠি জারি করা হয়। পরে ১৭ মে জেলা প্রশাসকের কার্যালয় থেকেও বিষয়টি অবহিত করা হয়। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার তিনটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করা হয়।
নাম পরিবর্তন হওয়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো—
১. গৌতমপাড়া ঘাটুরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় → গৌতমপাড়া ঘাটুরা উচ্চ বিদ্যালয়
২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় → নাটাই উত্তর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
৩. চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ → চিনাইর ডিগ্রি কলেজ
চিঠিতে উল্লেখ করা হয়, বিগত ফ্যাসিবাদী সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ হওয়ায় তা পরিবর্তন করা হয়েছে। সংশ্লিষ্টদের আগামী সাত দিনের মধ্যে নতুন নাম বাস্তবায়ন করে সচিত্র প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া জানান, “সরকারের নির্দেশনা অনুযায়ী এই নাম পরিবর্তন করা হয়েছে। আমরা শুধু নির্দেশনা বাস্তবায়ন করছি।”
