
ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত ২৭ জন সাংবাদিকদেরকে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭ জুন) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নবীন সদস্যদের হাতে সদস্যপত্র তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি যাবেদ রহিম বিজন। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
সভাপতির বক্তব্যে যাবেদ রহিম বিজন বলেন, প্রেসক্লাবের সদস্যপদ সাংবাদিকদের জন্য শুধু পরিচয় নয়, এটি একটি দায়িত্বের স্থান। নবীন সহযোগী সদস্য যারা হয়েছেন তাদের কাছে প্রেসক্লাব আশা করবে ক্লাবের সম্মান বজায় রেখে সাংবাদিকতা করা। এছাড়াও সাংবাদিকদের সত্য, ন্যায় ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। পেশাগত নৈতিকতা, শৃঙ্খলা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে মানুষের আস্থা অর্জন করবে। ক্লাবের সিনিয়র সাংবাদিকদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলবে।
সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। তথ্য যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। প্রেসক্লাব সব সময় সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করে। নবীন সদস্যদের দায়িত্বশীল, অনুসন্ধানী ও মানবিক সাংবাদিকতায় নিজেদের সম্পৃক্ত করার আহবান জানান এবং ক্লাবের শৃঙ্খলা বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন। News
এ সময় উপস্থিত সিনিয়র সাংবাদিকরা নবীন সদস্যদের অভিনন্দন ও স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিকতার মূল শক্তি হলো বিশ্বাসযোগ্যতা। ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করবে। একই সঙ্গে মানুষের সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার চিত্রও সংবাদে তুলে ধরতে হবে।
সদস্যপত্র পেয়ে নবীন সদস্যদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে একাধিক সদস্যরা বলেন, কর্মক্ষেত্রে প্রতিটি স্তরে বটগাছের মত ছাড়ার প্রয়োজন পড়ে। সাংবাদিকদের সেই বটগাছ প্রেসক্লাব। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হতে পেরে আমরা গর্বিত। এই সদস্যপদ আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সিনিয়রদের দিকনির্দেশনা অনুসরণ করে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করার চেষ্টা করব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম অপু, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, আইসিটি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক মুজিবুর রহমান এবং নির্বাহী সদস্য শাহজাহান সাজু ও বিল্লাল হোসেন।
অনুষ্ঠিত নবীন সদস্যদের মধ্যে অভিব্যক্তি জানান, নাগরিক টিভি জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফি, পথিকটিভির ব্যবস্থাপনা পরিচালক লিটন হোসাইন জিহাদ, এখন টিভির স্টাফ রিপোর্টার আজিজুল সঞ্চয়, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী নুর পরশ, চ্যানেল ওয়ান প্রতিনিধি শফিকুল ইসলাম, মানবকন্ঠের শফিকুল ইসলাম স্বপন, সাংবাদিক আব্দুল মালেক প্রমুখ। এসময় অন্যান্য নবীন সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
